চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে দুই নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৩ আগস্ট) চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকার একটি আবাসিক হোটেলে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মালুমঘাট এলাকার ওই আবাসিক হোটেলটিতে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলে আসছিল বলে স্থানীয়রা অভিযোগ করেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক হোটেলটিতে অভিযান চালায়। এ সময় হোটেলের একটি কক্ষ থেকে আপত্তিকর অবস্থায় দুই পুরুষ ও দুই নারীকে আটক করা হয়। পরে সংশ্লিষ্ট অভিযোগে তাঁদের গ্রেফতার দেখানো হয়।
চকরিয়া থানা পুলিশ জানায়, গ্রেফতার চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।