মিসবাহ উল্লাহ, টেকনাফ:
টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর উত্তর পাড়ার এক নিষ্পাপ ও অবুজ শিশু বর্তমানে হাসপাতালের বিছানায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে চরম আকুতি জানাচ্ছে। মাত্র ৫ বছর বয়সী ফুটফুটে শিশু মোঃ রায়হান এক ভয়াবহ ও জটিল রোগে আক্রান্ত হয়ে বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কিন্তু টাকার অভাবে থমকে যেতে বসেছে এই ছোট্ট সুন্দর জীবনের পথচলা।
পারিবারিক সূত্রে জানা গেছে, শামলাপুরের ১নং ওয়ার্ডের অত্যন্ত দরিদ্র ও দিনমজুর আবু হুরাইরার একমাত্র সন্তান ছোট্ট রায়হান। দিনমজুর বাবার হাড়ভাঙা খাটুনির সামান্য আয়ে কোনোমতে ‘নুন আনতে পান্তা ফুরানো’র মতো চলত তাদের সংসার। কিন্তু আকস্মিকভাবে ফুটফুটে এই শিশুটি এক কঠিন ও জটিল ব্যাধিতে আক্রান্ত হলে পুরো পরিবারটির ওপর যেন আকাশ ভেঙে পড়ে।
একমাত্র কলিজার টুকরো সন্তানের চিকিৎসার খরচ জোগাতে গিয়ে দিনমজুর বাবা আবু হুরাইরা ইতিমধ্যে তার জীবনের সারাজীবনের উপার্জিত সব জমানো টাকা এবং সহায়-সম্বল শেষ করে আজ সম্পূর্ণ সর্বস্বান্ত ও নিঃস্ব হয়ে পড়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটিকে বাঁচাতে হলে অতি দ্রুত উন্নত চিকিৎসা প্রয়োজন। কিন্তু সেই বিপুল পরিমাণ অর্থের জোগান দেওয়া এই অসহায় দিনমজুর বাবার পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছে না।
বর্তমানে টাকার অভাবে রায়হানের চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। একদিকে টাকার অভাব, অন্যদিকে চোখের সামনে একমাত্র সন্তানের জীবনের প্রদীপ নিভে যাওয়ার উপক্রম— সব মিলিয়ে এক চরম মানবিক বিপর্যয় ও বুকফাটা হাহাকার বিরাজ করছে পরিবারটিতে।
এমতাবস্থায়, সমাজের বিত্তবান, প্রবাসী, মানবিক সংগঠন ও সহৃদয় ব্যক্তিবর্গের কাছে আকুল আবেদন জানিয়েছে রায়হানের পরিবার। সকলের সামান্য সহানুভূতি ও আর্থিক সহযোগিতা হয়তো ফিরিয়ে দিতে পারে একটি নিষ্পাপ শিশুর প্রাণ, মুখে ফুটাতে পারে এক চিলতে হাসি।
সাহায্য ও সরাসরি যোগাযোগের ঠিকানা:
আক্রান্ত শিশু: মোঃ রায়হান (৫ বছর)
পিতা: আবু হুরাইরা
ঠিকানা: শামলাপুর উত্তর পাড়া, ১নং ওয়ার্ড, বাহারছড়া ইউনিয়ন, টেকনাফ, কক্সবাজার।
যোগাযোগের মোবাইল নম্বর: ০১৮১৩-১৬২৩৩৯ (আব্দু রহিম)