
ঢাকা, ২ মে: পূর্বঘোষণা ছাড়াই রাজধানীর রমনা মডেল থানা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার সকালে এই আকস্মিক পরিদর্শনকালে তিনি ঢাকাসহ সারাদেশের সব থানাকে দালালমুক্ত করার কঠোর নির্দেশ দিয়েছেন তিনি।
পরিদর্শনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী থানার সার্বিক পরিবেশ, ব্যারাক, ডিউটি অফিসারসহ বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, থানা যেন জনগণের নিরাপদ আশ্রয়স্থল হয়ে ওঠে। কোনো ধরনের দালালি বা অনিয়ম যাতে না ঘটে, সেজন্য পুলিশ কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, মন্ত্রী থানা পরিদর্শনের সময় প্রায় ১০ মিনিট অবস্থান করেন। তিনি পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “প্রতিটি থানাকে দালালমুক্ত করতে হবে। জনগণ যাতে সরাসরি সেবা পায়, সেদিকে বিশেষ নজর দিতে হবে।”
এই পরিদর্শনকে পুলিশ সংস্কারের অংশ হিসেবে দেখা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর এ নির্দেশনা দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।