কক্সবাজার প্রতিনিধি:
সীমান্তে মাদকের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কক্সবাজারসহ সীমান্ত দিয়ে ইয়াবা ও অন্যান্য মাদক চালানের সঙ্গে জড়িত শীর্ষ চোরাকারবারিদের একটি হালনাগাদ তালিকা তৈরি করা হচ্ছে। খুব শিগগিরই এই তালিকার ভিত্তিতে সাঁড়াশি অভিযান শুরু হবে।
কক্সবাজারে আয়োজিত এক আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মাদকের বিস্তার কোনোভাবেই সহ্য করা হবে না। যারা এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত—তারা যত প্রভাবশালীই হোক না কেন, তাদের ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন গোয়েন্দা সংস্থা সমন্বয় করে এই তালিকা চূড়ান্ত করার কাজ করছে।”
তিনি আরও জানান, কেবল স্থানীয় মাদক কারবারিই নয়, এর নেপথ্যে থাকা গডফাদার ও পৃষ্ঠপোষকদেরও আইনের আওতায় আনা হবে। সীমান্ত এলাকায় সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও কোস্ট গার্ডের টহল জোরদার করা হয়েছে এবং নাফ নদীসহ সংবেদনশীল রুটগুলোতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে।