
ঢাকা: সদ্য নির্বাচিত সংসদ সদস্য ইশরাক হোসেন সাবেক জাতীয় ক্রিকেট অধিনায়ক সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে দায়ের হওয়া খুনের মামলাকে ‘বিশ্বাসযোগ্য নয়’ বলে মন্তব্য করেছেন।
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “তারা ক্রিকেটার, তাও যেন তেন ক্রিকেটার না—বাংলাদেশ ক্রিকেটের সম্পদ। আমি বিষয়টি ক্রিকেটার হিসেবে বিবেচনা করছি। জনগণ এই বিষয়ে তাদের জবাব ইতোমধ্যেই একপ্রকার দিয়ে দিয়েছে, সমাজও দিয়েছে। তাদের বিরুদ্ধে যে গণহত্যার মামলা, সেটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। আমার কাছে মনে হয় না তারা নির্দেশ দিয়ে কাউকে হত্যা করেছে বা বন্দুক হাতে তুলে নিয়ে কাউকে হত্যা করেছে।”
ইশরাকের বক্তব্যে স্পষ্ট যে, তিনি এই খুনের অভিযোগকে রাজনৈতিকভাবে অতিরঞ্জিত বা অবিশ্বাস্য হিসেবে দেখছেন। তবে তিনি অন্যান্য অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের পক্ষে মত দিয়েছেন।
তিনি আরও বলেন, “যদি তাদের বিরুদ্ধে দুর্নীতি বা মানি লন্ডারিং সংক্রান্ত কোনো অভিযোগ থাকে, তাহলে তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নিরপেক্ষভাবে খতিয়ে দেখা উচিত।”
এদিকে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া মাশরাফি বিন মুর্তজা সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে সাকিব আল হাসান বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, দেশের জার্সিতে খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে চান।
এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে। একই সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পূর্বে বলেছেন, সাকিবের জাতীয় দলে ফেরা তার ফর্মের ওপর নির্ভর করবে এবং খেলাধুলায় রাজনীতি আনতে চান না তিনি।
এ ঘটনা নিয়ে ক্রীড়াঙ্গন ও রাজনৈতিক মহলে আলোচনা অব্যাহত রয়েছে।