
কক্সবাজার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ (কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী লুৎফুর রহমান কাজল। বিজয়ের পর তিনি তার কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়ে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন।
বিজয়ী প্রার্থী লুৎফুর রহমান কাজল আজ (শুক্রবার) এক বার্তায় বলেন, “আসসালামু আলাইকুম, আমি আপনাদের কক্সবাজার-৩ আসনের লুৎফুর রহমান কাজল। সম্মানিত সহযোদ্ধাগণ, আপনাদের আন্তরিক পরিশ্রম, ত্যাগ ও অক্লান্ত প্রচেষ্টায় আমরা কাঙ্ক্ষিত বিজয় অর্জন করেছি। আলহামদুলিল্লাহ।”
তিনি আরও বলেন, “এখন আমাদের প্রথম দায়িত্ব নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে চলা। তাই বিভিন্ন স্থানে লাগানো ব্যানার, ফেস্টুন ও পোস্টার দ্রুত অপসারণ করার জন্য সবার প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।”
লুৎফুর রহমান কাজল তার বার্তায় দায়িত্বশীল রাজনীতির উদাহরণ স্থাপনের আহ্বান জানিয়ে বলেন, “আসুন, আমরা আচরণ ও শৃঙ্খলার মাধ্যমে প্রমাণ করি আমরা দায়িত্বশীল রাজনীতি করি, জনগণের মর্যাদা রক্ষা করি। ধন্যবাদ সবাইকে।”
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লুৎফুর রহমান কাজল তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হয়েছেন। এ বিজয়ে তিনি তার সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং নির্বাচনোত্তর পরিবেশ সুন্দর রাখার ওপর গুরুত্বারোপ করেছেন।