কারাগারে আটক থাকা অবস্থাতেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মাগুরার শ্রীপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ও শ্রীকোল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়।
জানা গেছে, গত ১৫ ডিসেম্বর মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে তার পক্ষে।
কুটির ছোট ভাই শরিয়ত উল্লাহ রাজন অভিযোগ করে বলেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এ প্রত্যাশা থেকেই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল। কিন্তু মনোনয়নপত্র কেনার পর বাড়ি ফেরার পথে কোনো মামলা ছাড়াই আমার ভাইকে গ্রেপ্তার করা হয়। ফলে সোমবার অত্যন্ত গোপনীয়তার সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করতে হয়েছে। পরিবারের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, কুটি ২০০৮ সালের আগ পর্যন্ত যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করলেও প্রায় দেড় যুগ ধরে আওয়ামী লীগের সঙ্গে তাদের পরিবারের কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই। বরং বিভিন্ন সময়ে আওয়ামী লীগের দ্বারা তিনি ব্যক্তিগতভাবে নির্যাতনের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন।