মিসবাহ উল্লাহ, টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে চলন্ত গাড়ির গতিরোধ করে এক তরুণীকে টেনে-হিঁচড়ে নামিয়ে জনসম্মুখে বিবস্ত্র ও শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে। পরকীয়াসংক্রান্ত বিরোধের জেরে ঘটা এই ঘটনায় অভিযান চালিয়ে মূল অভিযুক্তসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকায় মর্মান্তিক এই নির্যাতনের ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র জানায়, উত্তর শিলখালী বাজারপাড়া এলাকার বাসিন্দা হাজী ইসহাকের ছেলে আইয়ুব এবং তার বোন মুর্শিদা বেগমসহ পাঁচজনের একটি দল উক্ত ঘটনায় সরাসরি জড়িত। ভুক্তভোগী তরুণী একটি যানবাহনে করে যাওয়ার সময় অভিযুক্তরা তার পথরোধ করে। পরে তাকে জোরপূর্বক টেনে-হিঁচড়ে স্থানীয় এক বাড়ির আঙিনায় নিয়ে যাওয়া হয় এবং উপস্থিত লোকজনের সামনেই বিবস্ত্র করে অমানুষিক নির্যাতন চালানো হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত মুর্শিদা বেগমের স্বামীর সঙ্গে ভুক্তভোগী তরুণীর পরকীয়ার সম্পর্ক রয়েছে—এমন অভিযোগ এনেই এই নির্যাতন চালানো হয়।
ঘটনাটি জানাজানি হলে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সত্যতা পায়। পরবর্তীতে আইন প্রয়োগকারী সংস্থা তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত মুর্শিদাসহ দুই নারীকে গ্রেপ্তার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাহারছড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা জানান, “নারী নির্যাতনের মতো জঘন্য অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। ঘটনায় জড়িত মূল অভিযুক্তসহ অন্যান্য আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে আইনি মামলা প্রক্রিয়াধীন।”