মাগুরা:
আসন্ন ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে ক্রীড়ামোদী জেলা মাগুরায় ফুটবল উন্মাদনা এখন তুঙ্গে। এরই ধারাবাহিকতায় আজ বুধবার (১০ জুন) মাগুরায় সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ একটি জার্মান পতাকা আনুষ্ঠানিকভাবে প্রদর্শন করা হয়েছে।
সকাল ১০টার দিকে মাগুরা শহরতলীর নিশ্চিন্তপুর স্কুল মাঠে রীতিমতো উৎসবমুখর পরিবেশে এই বিশাল পতাকাটি প্রদর্শন করা হয়।
স্থানীয় জার্মানি ফুটবল দলের সমর্থক ও যুবসমাজের উদ্যোগে এ আয়োজন করা হয়। পতাকা প্রদর্শনকে কেন্দ্র করে সকাল থেকেই নিশ্চিন্তপুর স্কুল মাঠে জড়ো হতে থাকেন হাজারো ফুটবলপ্রেমী। পরে বাদ্যযন্ত্র, ঢাক-ঢোল বাজিয়ে ও আনন্দ মিছিলের মাধ্যমে সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ এই পতাকাটি প্রদর্শন করা হয়। এ সময় ভক্ত-সমর্থকদের উল্লাস ও ফুটবল স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
আয়োজকরা জানান, প্রিয় দলের প্রতি ভালোবাসা এবং ফুটবল বিশ্বকাপের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই তাদের এই ব্যতিক্রমী প্রয়াস। দীর্ঘ এই পতাকাটি দেখতে মাগুরা শহর ও এর আশেপাশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য উৎসুক জনতা ভিড় জমান। পুরো এলাকায় এখন উৎসবের আমেজ বিরাজ করছে।