দিদারুল আলম জিসান: ককস
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ ৯ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রবিবার (১ নভেম্বর) রাত ২টার দিকে কোস্ট গার্ডের একটি জাহাজের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন কোস্ট গার্ডে।
চোরাচালানবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্র এলাকায় টহল দেওয়ার সময় সন্দেহজনক একটি বোটের গতিবিধি নজরে আসে কোস্ট গার্ডের। এ সময় বোটটিকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে।
পরে কোস্ট গার্ডের আভিযানিক দল ধাওয়া করে গভীর সমুদ্র থেকে বোটটি আটক করতে সক্ষম হয়। বোটটিতে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে বহন করা প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১০ হাজার কেজি ইউরিয়া সার উদ্ধার করা হয়। এ সময় পাচারকাজে ব্যবহৃত বোটসহ ৯ জনকে আটক করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, জব্দ করা সার, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।