কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ মো. ওমর (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
শনিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধীন রেজুখাল চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মোটরসাইকেল রেজুখাল চেকপোস্টে পৌঁছালে তল্লাশির জন্য সেটি থামানো হয়। এ সময় মোটরসাইকেলচালক মো. ওমরের শরীরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। পরে ইয়াবা, মোটরসাইকেল ও একটি বাটন ফোনসহ তাকে আটক করেন বিজিবি সদস্যরা।
আটক মো. ওমর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মো. আমিনের ছেলে।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিকে উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা অন্যান্য মালামালসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।