স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবন থেকে সাতক্ষীরার-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।
পুলিশ সূত্রে জানা যায়, ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলায় ২০৩ নম্বর ফ্লাটে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরিয়ম খাতুনের মৃতদেহ দেখতে পাওয়া যায়।
ঘটনার বিস্তারিত জানিয়ে ডিসি ইবনে মিজান গণমাধ্যমকে বলেন, “সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। লাশ উদ্ধার ও প্রাথমিক সুরতহাল রিপোর্টের কাজ চলছে। ঘটনার আলামত সংগ্রাহের জন্য সিআইডির ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, সিআইডি টিম পৌঁছানোর পর আলামত সংগ্রহ শেষে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।