দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী ও সন্তানকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় প্রধান ও একমাত্র আসামি এহেছানুল হককে (৩৮) ঢাকায় যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব জানায়, গত ৯ জুলাই কক্সবাজারের উখিয়া থানাধীন কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৬ ব্লকে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও দুই সন্তানকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করেন এহেছানুল হক। এতে ঘটনাস্থলেই তার স্ত্রী শহীদা নুর ওরফে সুফিয়া (৩০) এবং পাঁচ বছরের শিশু সন্তান মোহাম্মদ শামীম নিহত হয়। এ ঘটনায় তাদের অপর সন্তান মোহাম্মদ আফছার ওরফে বাপ্পী (১৪) গুরুতর আহত হয়।
ঘটনার পর এহেছানুল হক আত্মগোপনে চলে যান। তাকে গ্রেপ্তারে র্যাব-১৫, কক্সবাজার গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ১৬ আগস্ট সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে র্যাব-১৫ ব্যাটালিয়ন সদর ও র্যাব-২-এর সিপিসি-৩-এর একটি যৌথ দল ঢাকার তেজগাঁও থানাধীন লাইফ ইন্স্যুরেন্স অফিসের সামনে অভিযান চালায়। অভিযানে কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৬ ব্লকের বাসিন্দা ও মামলার একমাত্র এজাহারনামীয় পলাতক আসামি এহেছানুল হককে গ্রেপ্তার করা হয়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।