দিদারুল আলম জিসান: কক্সবাজার
মাদক মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি গাজী মহসিন (৩৭)কে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
শুক্রবার (৭ আগস্ট) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে কক্সবাজার সদর থানার আলীর জাহাল বিজিবি ক্যাম্পসংলগ্ন সিটি কলেজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার গাজী মহসিন কক্সবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিজিবি ক্যাম্প দক্ষিণ সাহিত্যিকা পল্লী এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার গাজী আব্দুর রশিদের ছেলে।
র্যাব-১৫ জানায়, চট্টগ্রাম জেলার রাউজান থানায় দায়ের করা একটি মাদক মামলায় গাজী মহসিনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আদালতের রায়ের পর থেকেই তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। পরে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
র্যাব-১৫-এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, সাজাপ্রাপ্ত আসামি গাজী মহসিন কক্সবাজার সদর থানাধীন আলীর জাহাল বিজিবি ক্যাম্পসংলগ্ন সিটি কলেজ এলাকায় আত্মগোপনে অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।