দিদারুল আলম জিসান: কক্সবাজার
চট্টগ্রামে অগ্নিনির্বাপণী মহড়া ও অগ্নিনিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের মাল্টিপারপাস হলে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম ও কর্ণফুলী ফায়ার সার্ভিসের সমন্বয়ে এ মহড়া ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এতে চট্টগ্রাম আয়ুব বিবি সিটি কর্পোরেশন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। মহড়ায় অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ, আগুন নিয়ন্ত্রণে প্রাথমিক কৌশল এবং অগ্নিকাণ্ড প্রতিরোধে জনসাধারণের দায়িত্ব ও করণীয় সম্পর্কে শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় অগ্নিনিরাপত্তা বিষয়ে মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।