টেকনাফে প্রতিনিধি :মিসবাহ উল্লাহ,
সারা দেশের সাংবাদিক সমাজের তীব্র ক্ষোভ, প্রতিবাদ ও টানা আন্দোলনের তোপের মুখে অবশেষে মুক্তি পেয়েছেন প্রবীণ ও বস্তুনিষ্ঠ সাংবাদিক হাফিজুর রহমান শফিক। সত্য প্রকাশে আপসহীন এই সংবাদকর্মীর মুক্তির খবরে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন পেশাদার সাংবাদিক সমাজ।
হাফিজুর রহমান শফিকের অন্যায় আটকের প্রতিবাদে দেশজুড়ে রাজপথে নেমেছিলেন সর্বস্তরের সংবাদকর্মীরা। বিভিন্ন গণমাধ্যম সংগঠন, প্রেস ক্লাব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে। সাংবাদিকদের এই অভূতপূর্ব ঐক্য ও রাজপথের তীব্র আন্দোলনের মুখেই শেষ পর্যন্ত কর্তৃপক্ষ তাঁকে মুক্তি দিতে বাধ্য হয়।
তাঁর মুক্তির পর আন্দোলনকারী সাংবাদিক নেতাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। এ সময় সহকর্মীরা জানান, “হাফিজুর রহমান শফিক ভাইয়ের মুক্তির দাবিতে যারা রাজপথে নেমেছিলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার ছিলেন এবং বিভিন্নভাবে এই ন্যায়ের লড়াইয়ে শরিক হয়েছিলেন—তাদের প্রত্যেকের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই অর্জন কোনো একক ব্যক্তির নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা ও সংবাদকর্মীদের ইস্পাতকঠিন ঐক্যের জয়।”
তারা আরও উল্লেখ করেন, সাংবাদিকদের ওপর কোনো প্রকার অবিচার ও নির্যাতন যে প্রতিবাদ ছাড়া পার পাবে না, হাফিজুর রহমান শফিকের মুক্তি তার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। আগামীর দিনগুলোতেও যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকদের এই ঐক্যবদ্ধ অবস্থান অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।