দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারের মেরিন ড্রাইভর রেজুখাল চেকপোস্টে অভিযান চালিয়ে ১১ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার সঙ্গে থাকা একটি শিশুও ছিল।
শনিবার (২৫ জুলাই) বিকেল ৫টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর রেজুখাল চেকপোস্টে মাদকবিরোধী বিশেষ অভিযানে এ ঘটনা ঘটে।
বিজিবির তথ্য অনুযায়ী, মরিচ্যা থেকে পায়ে হেঁটে কক্সবাজারের উদ্দেশ্যে রেজুখাল লাল ব্রিজ অতিক্রম করার সময় সন্দেহভাজন হিসেবে মোছা. মেহের খাতুন (৪০)-কে তল্লাশি করা হয়। তিনি টেকনাফ উপজেলার লেঙ্গুরবিল এলাকার বাসিন্দা। তল্লাশির একপর্যায়ে তার শরীরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১১ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট এবং মাদক পাচারে ব্যবহৃত একটি বাটন ফোন উদ্ধার করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি অভিযান ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
আটক নারী, উদ্ধার হওয়া ইয়াবা ও জব্দ করা মোবাইল ফোন সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।