কক্সবাজার প্রতিনিধি:
সরকারি দপ্তরের লোগো ও নাম ব্যবহার করে মাদক পাচারের অভিনব এক কৌশল নসাৎ করে দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। কক্সবাজারের রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভুয়া স্টিকার লাগানো একটি বিলাসবহুল প্রাইভেটকার থেকে ৬ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু রাবার বাগান এলাকায় একটি বিশেষ চেকপোস্ট বসিয়ে এই অভিযান চালানো হয়।
ডিএনসি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম রাবার বাগান এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি সাদা রঙের টয়োটা সিএইচআর (Toyota C-HR) মডেলের প্রাইভেটকারকে থামানো হয়, যেটির সামনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো ছিল।
তল্লাশিকালে গাড়ির ভেতর থেকে স্কচটেপ ও টিস্যু পেপারে মোড়ানো তিনটি বিশেষ পোটলা উদ্ধার করা হয়। পরে এগুলো থেকে গণনা করে ৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দের পাশাপাশি আসামিদের কাছ থেকে ৪টি স্মার্টফোন, গাড়ির ফিটনেস সার্টিফিকেট ও ট্যাক্স টোকেন জব্দ করেছে প্রশাসন।
গ্রেপ্তারকৃতরা হলেন:
সাব্বির হোসেন (৩৬): কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার শালুকিয়া এলাকার বাসিন্দা।
সিমা ইসলাম (২২): নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার পশ্চিম নাউ এলাকার বাসিন্দা।
উর্মি আক্তার উষা (১৮): ঢাকার দারুসসালাম থানার দক্ষিণ বিশিল এলাকার বাসিন্দা।
আইনি ব্যবস্থা ও তদন্ত
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি প্রতিষ্ঠানের স্টিকার ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেওয়ার এই অপচেষ্টা অত্যন্ত উদ্বেগজনক।
”এই চক্রটির সাথে আর কারা জড়িত এবং তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই স্টিকারটি কীভাবে সংগ্রহ করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আটককৃতদের বিরুদ্ধে ডিএনসি পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান বাদী হয়ে রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।”