দিদারুল আলম জিসান: কক্সবাজার
সীমান্তবর্তী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।
রোববার (১২ জুলাই) হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কোনাপাড়া গ্রামে এ ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
এ সময় ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. মাসুদ রানা, হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজালাল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিজিবি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সীমান্তবাসীর আস্থা অর্জনের মাধ্যমে তাদের পাশে থেকে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখা হবে।
৬৪ বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনপদের মানুষের পাশে থেকে মানবিক সহায়তা প্রদান এবং জনআস্থা অর্জনে তারা নিয়মিতভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।