নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে টানা কয়েকদিনের অতি বৃষ্টি এবং পাহাড়ি ঢলে দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। এতে থমকে গেছে উপজেলার সাধারণ মানুষের স্বাভাবিক জনজীবন। অতি বৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ফলে দোছড়ি-লেমুছড়ি এবং ক্রোক্ষ্যং সড়কের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় হাজার হাজার বাসিন্দা।
এদিকে, উপজেলার বাইশরী ইউনিয়নে পাহাড়ি ঢলের প্রবল স্রোতে ভেসে গিয়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের অবিরাম বর্ষণে নাইক্ষ্যংছড়ির নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। বিভিন্ন গ্রামীণ রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। বিশেষ করে পাহাড় ধসের ফলে দোছড়ি-লেমুছড়ি ও ক্রোক্ষ্যং সড়ক ব্লক হয়ে যাওয়ায় ওই অঞ্চলের সাথে উপজেলা সদরের সরাসরি যোগাযোগ বন্ধ রয়েছে। এতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও জরুরি চিকিৎসাসেবা পেতে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।