দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারের উখিয়ায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।
গ্রেপ্তারকৃত ব্যক্তি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মনিরকোনা এলাকার বাসিন্দা লাল মিয়ার ছেলে নুরুল ইসলাম (২২)।
আজ মঙ্গলবার (২৩ জুন) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোররাতে হোয়াইক্যং বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ সংলগ্ন শুকুরের কাঠি গেওয়াগাছ এলাকায় অবস্থান নেয়।
পরে আনুমানিক সকাল ৪টার দিকে মিয়ানমার থেকে একজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। সন্দেহভাজন ওই ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তিনি পালানোর চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হন।
আটকের পর তার কাছে থাকা একটি পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটের ভেতর চারটি কার্টনে রাখা ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল ইসলাম স্বীকার করেন যে, তিনি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন। পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করা হয়।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।