দিদারুল আলম জিসান: কক্সবাজার
সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক কার্যক্রমেও প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সীমান্তবর্তী এলাকার ৪০০ অসহায় জেলে পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে।
জানা যায়, সামুদ্রিক মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় গত ১৫ এপ্রিল থেকে আগামী ১১ জুন ২০২৬ পর্যন্ত মোট ৫৮ দিনের জন্য সকল প্রকার মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ফলে উপকূলীয় সীমান্তবর্তী এলাকার অনেক জেলে পরিবার সাময়িকভাবে জীবিকা সংকটে পড়ে। তাদের দুর্ভোগ লাঘবে মানবিক উদ্যোগ গ্রহণ করে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৫ মে) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন বিওপি এলাকায় এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় মাছ ধরায় নিষেধাজ্ঞার কারণে কর্মহীন হয়ে পড়া ৪০০ দুঃস্থ ও অসহায় জেলে পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
স্থানীয় জেলেরা বিজিবির এ মানবিক সহায়তায় সন্তোষ প্রকাশ করে বলেন, মাছ ধরায় নিষেধাজ্ঞার সময়ে পরিবার নিয়ে মানবেতর অবস্থার সৃষ্টি হয়। এমন সময়ে বিজিবির সহায়তা তাদের জন্য বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও বিজিবি ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থাকবে।