ঈদগাঁও প্রতিনিধি:
কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলায় এখনও কোনো পূর্ণাঙ্গ সরকারি হাসপাতাল না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন উপজেলার লাখো মানুষ। স্থানীয়দের অভিযোগ, আশপাশের উপজেলাগুলোতে ৫০ থেকে ১০০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণ হলেও জনবহুল ঈদগাঁও উপজেলা এখনও উন্নত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত রয়েছে।
বর্তমানে উপজেলার অসুস্থ রোগী, গর্ভবতী নারী, বয়স্ক ব্যক্তি ও জরুরি চিকিৎসাপ্রার্থীদের চিকিৎসার জন্য প্রায় ৩৪ কিলোমিটার দূরের কক্সবাজার সদর হাসপাতালে যেতে হচ্ছে। এতে সময়, অর্থ ও শারীরিক দুর্ভোগ—সবকিছুর চাপ বহন করতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে গভীর রাতে জরুরি রোগী নিয়ে দূরপথ পাড়ি দিতে গিয়ে অনেক পরিবার চরম ভোগান্তির মুখে পড়ছে।
স্থানীয় সচেতন মহল বলছে, উপজেলা ঘোষণার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আধুনিক হাসপাতাল স্থাপনের কোনো দৃশ্যমান উদ্যোগ না থাকায় জনমনে হতাশা ও ক্ষোভ বাড়ছে। জনসংখ্যা ও ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় ঈদগাঁও উপজেলায় একটি পূর্ণাঙ্গ হাসপাতাল এখন সময়ের দাবি বলে মনে করছেন তারা।
এলাকাবাসীরা মনে করেন, এখানে একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠিত হলে শুধু ঈদগাঁও নয়, আশপাশের এলাকার মানুষও উন্নত চিকিৎসাসেবা পাবেন। পাশাপাশি জরুরি স্বাস্থ্যসেবায় মৃত্যুঝুঁকি ও দুর্ভোগ অনেকাংশে কমে আসবে।
স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, ঈদগাঁওবাসীর এই ন্যায্য দাবিকে গুরুত্ব দিয়ে অবিলম্বে ৫০ বা ১০০ শয্যার একটি আধুনিক হাসপাতাল স্থাপনের ঘোষণা দেওয়া হোক।
স্থানীয়দের একজন বলেন, “স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। অথচ একটি পূর্ণাঙ্গ হাসপাতালের অভাবে ঈদগাঁওবাসী প্রতিনিয়ত অবহেলা ও দুর্ভোগের শিকার হচ্ছে।”
ঈদগাঁও উপজেলাবাসীর এ দাবি যত দ্রুত বাস্তবায়ন হয়, ততই জনদুর্ভোগ কমবে বলে মনে করছেন সচেতন মহল।