দিদারুল আলম জিসান: কক্সবাজার
সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) একটি বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। বুধবার টেকনাফ উপজেলা সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত এ ক্যাম্পে ৪১১ জন গরিব, অসহায় ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধসামগ্রী প্রদান করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, আজ ২৩ জুন
সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এ মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা দেন সেক্টর সদর দপ্তর রামুর ভারপ্রাপ্ত সিনিয়র মেডিকেল অফিসার মেজর মো. ফয়জুল হক এবং টেকনাফ ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মো. শাহাদাত হোসেন শুভ।
চিকিৎসাসেবা গ্রহণকারীদের মধ্যে ছিলেন ১০৩ জন পুরুষ, ২২৩ জন নারী এবং ৮৫ জন শিশু। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, “বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক”—বিজিবি মহাপরিচালকের এ ভিশন বাস্তবায়নে সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা ও আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে বিজিবি।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকার গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিজিবির মানবিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও টেকনাফ ব্যাটালিয়নের পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে, এ ধরনের বিনামূল্যের চিকিৎসা কার্যক্রম সীমান্তবর্তী দরিদ্র জনগোষ্ঠীর জন্য অত্যন্ত উপকারী এবং জনসেবায় বিজিবির ভূমিকা আরও সুদৃঢ় করেছে।