কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার শহরের হাসপাতাল সড়কে মেয়াদোত্তীর্ণ অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধ বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে অনিয়ম প্রমাণিত হওয়ায় দুটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৮ জুন) বিকেল ৩টায় এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ। হাসপাতাল সড়কের বিভিন্ন ফার্মেসি ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির প্রমাণ পাওয়া যায়।
অভিযানের পর এনএফ মেডিকো ১০ হাজার টাকা এবং প্রিমিয়ার মেডিকেল সেন্টার প্রাইভেট হাসপাতালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ বলেন, মানুষের জীবন ও স্বাস্থ্য নিয়ে কোনো অবহেলা সহ্য করা হবে না। মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি ভোক্তা অধিকার আইনের লঙ্ঘনের পাশাপাশি জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি।
তিনি আরও জানান, ফার্মেসি ও হাসপাতালগুলোকে ওষুধের মেয়াদ নিয়মিত যাচাই করা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে একই ধরনের অনিয়ম পেলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জেলার বিভিন্ন বাজার, ফার্মেসি ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিয়মিত অভিযান চলবে। কেউ মেয়াদোত্তীর্ণ বা নিম্নমানের ওষুধ বিক্রির তথ্য পেলে অধিদপ্তরকে জানানোর জন্য আহ্বান জানানো হয়েছে।