পৈতৃক সম্পত্তির ভাগ কম পাওয়ায় নিজের বাবার কবরের বেড়া ভাঙচুরের এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে গাইবান্ধা সদর উপজেলায়।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের দক্ষিণ আনালের তাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়।
স্থানীয় এক সূত্রে জানায়, গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়া মারা যাওয়ার আগে চার বিঘা সম্পত্তি পাঁচ ছেলেকে বণ্টন করে দেন। তবে দ্বিতীয় ছেলে ইকবাল মিয়ার নামে জমি বেশি দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে পঞ্চম ছেলে শাহ আলম মিয়া শালু (অবসরপ্রাপ্ত সেনা সদস্য) বাবার কবরস্থানের ওপর উঠে বেড়া ভাঙচুর করেন। কবরস্থানটি ইকবাল মিয়ার জমিতে অবস্থিত ছিল। শাহ আলম মিয়া শালু জমির ভাগ কম পাওয়ার অজুহাতে ওই জায়গাটিও নিজের বলে দাবি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহ আলম মিয়া শালু অবসরপ্রাপ্ত সেনা সদস্য হওয়ায় এলাকায় ব্যাপক প্রভাব বিস্তার করে আসছিলেন। তার বিরুদ্ধে কেউ কথা বললে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগও রয়েছে। এ ঘটনায় এলাকার সাধারণ মানুষ তীব্র ধিক্কার জানিয়েছেন এবং এটিকে ‘নজিরবিহীন অমানবিক কাজ’ বলে মন্তব্য করেছেন।
ঘটনার পর থেকে গ্রামে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন ও পুলিশ এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কোনো আইনি অভিযোগ দায়ের হয়েছে কি না তা নিশ্চিতভাবে জানা যায়নি।