ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের মরদেহ বিশেষ ব্যবস্থায় দেশে ফেরত আনা হয়েছে।
রোববার (১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে মরদেহটি যশোরের বেনাপোল চেকপোস্ট হয়ে বাংলাদেশে প্রবেশ করে। ভারতীয় পুলিশের সহযোগিতায় এই হস্তান্তর সম্পন্ন হয়। মরদেহটি এখন টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
জানা যায়, জোয়াহেরুল ইসলাম (৭০) দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কলকাতার দমদমে অবস্থিত ফিনিক্স মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেড নামক বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। এক সপ্তাহেরও বেশি সময় তিনি ওই হাসপাতালে ভর্তি ছিলেন এবং শেষ কয়েকদিন লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছেন, মাল্টি অর্গান ফেইলিওর (বহু অঙ্গ বিকল) এবং হার্টের জটিলতায় তার মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি টাঙ্গাইল-৮ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয় । ২০১৭ সাল থেকে তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। প্রবীণ এই আইনজীবী ও রাজনীতিবিদ সখীপুর উপজেলার বেড়বাড়ী গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় টাঙ্গাইলের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। মরদেহ টাঙ্গাইলে পৌঁছানোর পর জানাজা ও দাফনের আয়োজন করা হবে বলে পরিবার সূত্রে জানিয়েছে।