দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয় খুললেন নেতাকর্মীরা। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরের লিচুতলা এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ে তারা জড়ো হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং জাতীয় সংগীত গেয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।
এ সময় প্রায় ২০-২৫ জন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। ভিডিওতে দেখা যায়, তারা দলের নামে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করছেন।
উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রব্বানী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি সুমন মণ্ডল, পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রিগান, সাবেক ছাত্রনেতা সাগর, কুরবান আলী এবং পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কবির ইসলাম।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গোলাম রব্বানী সাংবাদিকদের বলেন, “দীর্ঘ ১৭-১৮ মাস ধরে আমরা কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারিনি। আজ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী একত্রিত হয়ে দলীয় কার্যালয়ে যাই। এরপর জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।”
তিনি আরও বলেন, “জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি তৃণমূল আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করা এবং গণমানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার প্রতীক। সাংগঠনিক কার্যক্রম জোরদার, নতুন সদস্য সংগ্রহ এবং উন্নয়নমুখী রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগে নতুন গতি সঞ্চার করা হবে।”
এর আগে ২০২৪ সালের আগস্টে সরকার পতনের পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। এ ঘটনা দলের তৃণমূল পর্যায়ে কার্যক্রম পুনরুজ্জীবনের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।