![]()
কক্সবাজার রামু, ২৬ জানুয়ারি ২০২৬:
কক্সবাজারের রামু উপজেলায় সিএনজি অটোরিকশা ও দ্রুতগামী ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে ১২ বছরের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনাটি ঘটেছে আজ সোমবার দুপুর ২টার দিকে ফতেখাঁরকুল ইউনিয়নের তেচ্ছিপুল বাজার এলাকায়। নিহত কিশোরের নাম মো. কাজল (১২)। সে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিম মনিরঝিল গ্রামের নুরুল আমিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, তেচ্ছিপুল বাজারের কাছে সিএনজিটি যাত্রী নিয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড ধাক্কায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং কাজলসহ যাত্রীরা ছিটকে পড়ে।
স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে আহতদের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কাজল মারা যায়। আহত অন্য চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। স্থানীয়রা বলছেন, দ্রুতগতির যানবাহন ও সড়কের অব্যবস্থাপনার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘন ঘন ঘটছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।