চকরিয়া,( ২৪/০১/২৬) কক্সবাজারের চকরিয়া উপজেলায় থানার ঠিক সামনে ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছে একদল তরুণ। এ ঘটনায় থানা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ তাৎক্ষণিকভাবে ধাওয়া করে দুই কিশোরসহ ছয়জনকে আটক করেছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে চকরিয়া থানার সামনের সড়কে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) থেকে কয়েকজন যুবক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দিতে যাচ্ছিল। এতে থানার সামনে উপস্থিত পুলিশ সদস্যরা সতর্ক হয়ে ওঠেন এবং তাদের ধাওয়া দেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, স্লোগান দেওয়ার মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। আটককৃতদের মধ্যে দুজন কিশোর রয়েছে। ঘটনাস্থল থেকে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।