টিকটক ও মোবাইল ফোনে ভুল প্ররোচনায় ঘরছাড়া স্কুলছাত্রী উদ্ধার:
সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ও মোবাইল ফোনের মাধ্যমে গড়ে ওঠা ভুল সম্পর্কের প্রভাবে ঘর ছেড়ে পালিয়ে যাওয়া কক্সবাজারের রামু উপজেলার রামু খুনিয়া পালং এলাকার সপ্তম শ্রেণির ছাত্রী হালিমা আক্তারকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনাটি জানার পর ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস)-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমানের নেতৃত্বে রামু উপজেলা শাখার নেতাকর্মীরা তৎপরতা শুরু করেন। তাদের প্রচেষ্টায় স্কুলছাত্রী, হালিমা আক্তারকে নিরাপদে উদ্ধার করে তার বাবা ও ভাইয়ের হাতে তুলে দেওয়া হয়।হস্তান্তরকালে আব্দুর রহমানের নেতৃত্বে পরিবারের কাছে হস্তান্তর।
স্থানীয় সূত্রে জানা যায়, টিকটক ও ফেসবুকের মাধ্যমে মোবাইল ফোনে এক ব্যক্তির সঙ্গে নিয়মিত যোগাযোগের একপর্যায়ে হালিমা আক্তারের সঙ্গে একটি সম্পর্ক গড়ে ওঠে।সম্পর্কের ভিত্তিতে মা–বাবার অনুপস্থিতির সুযোগে সে কিছু কাপড়চোপড় ও টাকা নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে বিষয়টি এলাকায় জানাজানি হলে, ন্যাশনাল প্রেস সোসাইটির সদস্যরা দ্রুত অনুসন্ধান চালিয়ে তাকে উদ্ধার করেন। উদ্ধারকালে উপস্থিত ছিলেন এনপিএস কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, রামু উপজেলা সাধারণ সম্পাদক আরিফুর রহিম এবং রামু উপজেলা সাংগঠনিক সম্পাদক ও দৈনিক স্বাধীন সংবাদের উপজেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল নোমান।
এ সময় আব্দুর রহমান বলেন, “কিশোর-কিশোরীরা যেন সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারের শিকার না হয়, সে বিষয়ে পরিবার ও সমাজকে আরও সচেতন হতে হবে। সন্তানদের হাতে মোবাইল ফোন দেওয়ার আগে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন জরুরি।”
তিনি আরও বলেন, এ ধরনের ঘটনায় শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে।
হালিমা আক্তার ফিরে পাওয়ায় তার পরিবার স্বস্তি প্রকাশ করে ন্যাশনাল প্রেস সোসাইটির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।