বিশেষ প্রতিনিধি, কক্সবাজার:
বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ‘প্রবারণা পূর্ণিমা’ সামনে রেখে কক্সবাজারের ঐতিহ্যবাহী উপজেলা রামুতে চলছে শেষ মুহূর্তের ব্যাপক প্রস্তুতি। আগামী ২৫ ও ২৬ অক্টোবর দু দিনব্যাপী শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপিত হতে যাচ্ছে। এ উৎসবকে কেন্দ্র করে স্থানীয় শিল্পী ও স্বেচ্ছাসেবকদের ব্যস্ততা এখন তুঙ্গে।
উৎসবের প্রধান আকর্ষণ ফানুস উড়ানোর জন্য প্রস্তুত করা হচ্ছে নান্দনিক সব ফানুস। রামু উপজেলার বিভিন্ন বিহার ও পাড়ায় তরুণ ও প্রবীণ শিল্পীরা মিলে ফানুসের গায়ে গৌতম বুদ্ধের পোর্ট্রেট, ধর্মীয় প্রতীক এবং শান্তির বার্তা এঁকে তুলছেন। নিখুঁত তুলির আঁচড়ে ফানুসে বুদ্ধের প্রতিকৃতি ফুটিয়ে তোলার দৃশ্য দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন স্থানীয় অধিবাসীরা।
আয়োজকরা জানান, প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আকাশে শত শত ফানুস উড়ানো হবে। বিশেষ করে বুদ্ধের পোর্ট্রেট সম্বলিত ফানুসগুলো আকাশে উড়ানোর বিষয়টি উৎসবে এক ভিন্ন মাত্রার ধর্মীয় আবেগ ও নান্দনিকতা যোগ করবে। এছাড়া উৎসবের অংশ হিসেবে কল্পজাহাজ ভাসানো, আলোকসজ্জা, বিশেষ প্রার্থনা এবং বুদ্ধপূজার আয়োজন করা হয়েছে।
উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রামুর সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপনে তৈরি পুরো এলাকা।