শুভ প্রবারণা পূর্ণিমা ও ফানুস উৎসবকে কেন্দ্র করে বর্ণিল আলোয় সেজেছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রাচীন তীর্থভূমি কক্সবাজারের রামু। হাজারও ফানুসের আলোয় ছেয়ে গেছে রামুর আকাশ। আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছেন স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের মানুষসহ বিভিন্ন এলাকা থেকে আসা পর্যটক ও দর্শনার্থীরা।
রোববার (সন্ধ্যা থেকে রামু উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহার ও প্যাগোডায় দিনব্যাপী নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর প্রহর গড়াতেই আকাশে ওড়ানো হয় শত শত বর্ণিল ফানুস। বাতাসে ভেসে বেড়ানো এসব ফানুসের আলোয় রাতের রামু এক জাদুকরি ও মনোরম রূপ ধারণ করে।
রামুর ঐতিহাসিক শ্রীকুল বৌদ্ধ বিহার, সীমা বিহার, রাংকুট,উত্তর মিটাছড়ি বন বিহারসহ প্রায় প্রতিটি বিহার ও পাড়ায় ফানুস ওড়ানোর এই উৎসব দেখতে ভিড় জমান হাজারো উৎসুক জনতা। নানা রঙের ও আকারের ফানুস যখন রাতের আকাশে একে একে ডানা মেলে উপরে উঠতে থাকে, তখন চারপাশের দর্শনার্থীদের মাঝে আনন্দের জোয়ার বয়ে যায়। ছোট-বড় সবার চোখে-মুখে ছিল উচ্ছ্বাসের ঝিলিক।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর এই আয়োজনে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বুদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং বিশ্বশান্তি ও মঙ্গলের প্রার্থনা করেন। ফানুস ওড়ানোর পাশাপাশি মঙ্গল প্রদীপ প্রজ্বালন এবং সমবেত প্রার্থনায় মুখরিত হয়ে ওঠে রামুর প্রতিটি প্রাঙ্গণ।
উৎসবকে কেন্দ্র করে রামুতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা, যার ফলে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উৎসব সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।