দিদারুল আলম জিসান: কক্সবাজার
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ফাক্রিকাটা এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার ২০ পিস বার্মিজ ইয়াবাসহ শফিকুল হাসান (১৯) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সদর দপ্তরের বিশেষ টহলদল ফাক্রিকাটা এলাকায় এ অভিযান চালায়।
আটক শফিকুল হাসান কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের আদর্শগ্রাম মুরাকাটা এলাকার নুরুল ইসলামের ছেলে।
১১ বিজিবি জানায়, অভিযানের সময় শফিকুলের কাছ থেকে দুই কাটে রাখা ২০ হাজার ২০ পিস বার্মিজ ইয়াবা ও একটি Redmi Note 13 মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. রুবেল মিয়া (৩০) নামে আরও এক ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তিনি ফাক্রিকাটা এলাকার মৃত মাহামুদুল হাসানের ছেলে।
উদ্ধার করা ইয়াবার আনুমানিক সিজার মূল্য ৬০ লাখ ৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।