
ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলের আসনে অধিষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী এবার প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে যাচ্ছে। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে আগামী ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে (দিবাগত রাত ১২টা ১ মিনিটে) রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে শহীদ মিনারে যাবেন জামায়াতের আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিরোধীদলীয় নেতা হিসেবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যরা এতে অংশ নেবেন। শহীদ মিনারে রাষ্ট্রীয় আচার সম্পন্ন হওয়ার পর ডা. শফিকুর রহমান আজিমপুর কবরস্থানে যাবেন। সেখানে ভাষা শহীদদের কবর জিয়ারত করে তাঁদের রূহের মাগফিরাত কামনায় দোয়া করবেন তিনি।
এর আগে জামায়াতের আমির পর্যায়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের ঘটনা ঘটেনি। দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির অবশ্য প্রতিবছরই একুশে ফেব্রুয়ারিতে কর্মসূচি পালন করে আসছে। এবার ত্রয়োদশ সংসদে বিরোধী দলের মর্যাদা পাওয়ায় জামায়াতের পক্ষ থেকে এই প্রথমবারের মতো রাষ্ট্রীয় স্তরে শহীদ মিনারে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।