মিসবাহ উল্লাহ :
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও স্থানীয় সাবেক ইউপি সদস্য নুরুল আমিনের ওপর এক বর্বরোচিত ও ন্যক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
পূর্বপরিকল্পিত এই হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন। এই হামলার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই উখিয়া জুড়ে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ এই ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ এবং দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চিহ্নিত সন্ত্রাসী চক্র পালংখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার, অরাজকতা ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও সাবেক ইউপি সদস্য নুরুল আমিন সবসময় এসব অন্যায়, অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। ধারণা করা হচ্ছে, জনস্বার্থে তার এই জোরালো অবস্থান এবং এলাকার শান্তি বজায় রাখার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে এই অতর্কিত হামলা চালানো হয়েছে। হামলায় তিনি শারীরিকভাবে গুরুতর জখম হয়েছেন এবং বর্তমানে তাকে নিবিড় চিকিৎসাধীন রাখা হয়েছে।
ঘটনার পর পরই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক যৌথ বিবৃতি প্রদান করেছেন উখিয়া উপজেলা ও পালংখালী ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। বিবৃতিতে তারা গভীর ক্ষোভ প্রকাশ করে বলেন—
জনপ্রতিনিধি ও রাজপথের পরীক্ষিত ত্যাগী নেতা নুরুল আমিন মেম্বারের ওপর এ ধরনের কায়েমী স্বার্থান্বেষী সন্ত্রাসী হামলা অত্যন্ত নিন্দনীয়, কাপুরুষোচিত ও উদ্বেগের বিষয়। যারা দিনের পর দিন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়, তারাই এই ঘৃণ্য ঘটনার জন্ম দিয়েছে। আমরা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আহত নেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন।
এদিকে, এই ঘটনার পর থেকে পালংখালী ইউনিয়ন জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি যাতে কোনোভাবেই অবনতির দিকে না যায়, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকেও কঠোর নজরদারি ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেপ্তারে জোরালো পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।