নিউজ ডেস্ক :
পিরোজপুরের জিয়ানগরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মরহুম দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনের প্রস্তুতি শুরু হয়েছে। দিনভর রাজনৈতিক প্রতিপক্ষের চরম বাধা ও উত্তেজনার পর অবশেষে গভীর রাতে স্বজনরা তার কবর খোঁড়ার কাজ শুরু করেন।
প্রশাসন ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, মানিক পশারীর মৃত্যুর পর থেকেই দাফন প্রক্রিয়া নিয়ে এক ধরণের জটিলতা ও রাজনৈতিক বাধার সৃষ্টি হয়। একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর তীব্র প্রতিবাদের কারণে দিনভর মানিক পশারীর দাফন সম্পন্ন করা সম্ভব হয়নি। ঘটনা ঘিরে এলাকায় দিনভর উত্তেজনা বিরাজ করে।
পরবর্তীতে গভীর রাতে পরিস্থিতি কিছুটা শান্ত হলে পরিবারের সদস্যরা দাফনের উদ্যোগ নেন। তবে শেষ রাতে কবর খোঁড়ার জন্য প্রয়োজনীয় লোকবল না পেয়ে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। কোনো উপায় না দেখে মানিক পশারীর মেয়ে ও বোনেরা নিজেদের মুঠোফোনের আলো জ্বালিয়ে নিজেরাই স্বজনের কবর খুঁড়তে শুরু করেন।
এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।