কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি সেমিপাকা বসতঘর আগুনে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কায়ুকখালী পাড়ায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। এতে সেখানে বসবাসরত ৮ থেকে ১০টি ভাড়াটে পরিবার তাদের যাবতীয় মালামাল হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছে।
স্থানীয় অধিবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে কায়ুকখালী পাড়ার একটি ঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। ঘনবসতিপূর্ণ এলাকা ও ঘরগুলো গায়ে গায়ে লাগানো হওয়ায় মুহূর্তের মধ্যেই লেলিয়ান শিখা আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। অতর্কিত এই বিপর্যয়ে বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দেয়। জীবন রক্ষার্থে তারা দ্রত ঘর ছেড়ে বেরিয়ে এলেও আসবাবপত্র, পরনের কাপড়, টাকা-পয়সা কিংবা জরুরি কোনো কাগজপত্র বের করার সুযোগ পাননি। চোখের সামনেই তাদের সারা জীবনের সম্বল পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন জানান, সকাল ৯টা ৪৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে রওনা হয়। সকাল ৯টা ৫১ মিনিটে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়দের সম্মিলিত চেষ্টায় প্রায় এক ঘণ্টা পর—সকাল ১০টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরবর্তীতে বেলা ১১টা ২০ মিনিটে আগুন পুরোপুরি নেভানো হয়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন চরম মানবেতর দিন কাটাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত জরুরি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।