উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ স্থানীয় যুবদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ছৈয়দুল বশর (৩৫) পালংখালী ইউনিয়ন যুবদলের সদস্য। তিনি ছিয়ক বশর ও সিসি বশর নামেও পরিচিত। পুলিশের ভাষ্য, অভিযানের সময় তাঁর দুই সহযোগী পালিয়ে যান।
বৃহস্পতিবার পালংখালী ইউনিয়নের বালুখালী জোড়া ব্রিজের পশ্চিম পাশে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এই অভিযান চালানো হয়। ছৈয়দুল বশর ওই ইউনিয়নের আঞ্জুমানপাড়া এলাকার বাসিন্দা আব্দুস ছবুরের ছেলে।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামার সংকেত দেওয়া হয়। তখন চালকসহ তিন আরোহী পালানোর চেষ্টা করেন। ধাওয়া করে একজনকে আটক করা হলেও বাকি দুজন পালাতে সক্ষম হন।
আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে অটোরিকশার চালকের আসনের নিচ থেকে একটি সাদা বস্তা উদ্ধার করা হয়। বস্তার ভেতরে পাঁচটি কার্টনে ছিল ৫০ হাজার পিস ইয়াবা।
পুলিশের নথিতে দেখা যায়, ছৈয়দুল বশরের বিরুদ্ধে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় আগে থেকেই পাঁচটি মামলা রয়েছে।
বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া বলেন, চেকপোস্টে তল্লাশির সময় ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি দুজন পালিয়ে যান। তাঁদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার জানান, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে। গ্রেপ্তার ব্যক্তির আগের মামলাগুলোর তথ্য যাচাই করা হচ্ছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই মাদক কারবারের সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।