টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় এক নির্যাতিত ও অসহায় নারীর ওপর হওয়া অন্যায়-অবিচারের চিত্র সংবাদমাধ্যমে তুলে ধরতে গিয়ে চরম নিরাপত্তাহীনতা ও প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন টেকনাফের দৈনিক ‘খবর কক্সবাজার’-এর স্থানীয় এক সংবাদকর্মী। অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে প্রাণনাশের হুমকিসহ দেখে নেওয়ার প্রকাশ্য হুঁশিয়ারি দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনার বিবরণে জানা যায়, সমাজ ও দেশের নানা অনিয়ম-দুর্নীতি প্রকাশ এবং অসহায় মানুষের অধিকার রক্ষায় পেশাগত দায়িত্ব পালনকালে ওই সংবাদকর্মী সম্প্রতি এক নির্যাতিত নারীর সাক্ষাৎকার গ্রহণ ও সত্য ঘটনাভিত্তিক সংবাদ প্রচারের উদ্যোগ নেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রবাসভিত্তিক এক ব্যক্তি ও তাঁর ভাই সংবাদকর্মীকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিতে থাকেন।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন—উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ ফয়েজ এবং তাঁর আপন ভাই জয়নাল উদ্দিন।
স্থানীয় সূত্রে অভিযোগ উঠেছে, সংবাদ প্রকাশ বন্ধ করতে এবং সত্য ঘটনা চাপা দিতেই তাঁরা পেশাগত দায়িত্বে নিয়োজিত ওই সংবাদকর্মীকে মারাত্মক পরিণতি ভোগের হুমকি দেন। এছাড়া খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত জয়নাল উদ্দিন ইতিপূর্বে মালয়েশিয়ায় অবস্থানকালে চুরি করতে গিয়ে আটক হয়েছিলেন।
ঘটনার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় ভোগা ওই সংবাদকর্মী বিষয়টি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টিগোচর করেছেন। স্বাধীন সাংবাদিকতার পরিবেশ রক্ষা ও নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি), জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।