রাঙামাটি/সাজেক:
তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় আগামীকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে রাঙামাটির বাঘাইছড়ির সাজেক পর্যটন সড়কে আবারো অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে ‘সাজেক গণ অধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্বারী এসোসিয়েশন’।
আজ বুধবার (২১ অক্টোবর) সাজেক কার্বারী এসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা এবং সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানান।
বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ জানান, তাদের উত্থাপিত তিন দফা দাবি বাস্তবায়নে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়েই তারা পুনরায় এই কঠোর কর্মসূচির পথ বেছে নিয়েছেন। সড়ক অবরোধ চলাকালে সাজেক পর্যটন সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে দাবি আদায়ের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আন্দোলনরত সংগঠনগুলো রূপরেখা দিলেও তা বাস্তবায়নে কোনো অগ্রগতি হয়নি বলে বিজ্ঞপ্তিতে ক্ষোভ প্রকাশ করেন যৌথ সংগঠনের নেতৃবৃন্দ।