সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম (৪০) নামের এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, নিহত শামীম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় দেবহাটার কুলিয়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার আগে দেবহাটার কুলিয়া এলাকায় প্রথম দফায় গণপিটুনির শিকার হন ওয়াহিদুজ্জামান শামীম। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কিন্তু পরিস্থিতি শান্ত হয়নি। চিকিৎসাধীন থাকা অবস্থায় রাত ৯টার দিকে বিক্ষুব্ধ জনতা একটি মিছিল নিয়ে হাসপাতালে প্রবেশ করে এবং শামীমকে আবারও মারধর করে। পরবর্তীতে মধ্যরাতে তাকে সেখান থেকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।