বিশেষ প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে অপহৃত মো. জসিম (১৫) নামের এক কিশোরকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ সময় অপহরণ চক্রের অন্যতম সদস্য জামাল হোসেনকে (৩১) গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৪:১০ ঘটিকায় উখিয়া থানাধীন রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজংপাড়া রাস্তার মাথা এলাকায় এ অভিযান চালায় এসআরবি-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি চৌকস দল।
গ্রেফতারকৃত জামাল হোসেন টেকনাফ থানার হাতিয়ার ঘোনা এলাকার বশির আহমদের ছেলে। অভিযানকালে তার কাছ থেকে অপহরণের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পারিবারিক সূত্র ও এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টার দিকে মো. জসিম বাসা থেকে বের হয়ে দক্ষিণ লেঙ্গুর বিল এলাকা থেকে নিখোঁজ হয়। পরবর্তীতে ২৭ সেপ্টেম্বর এক অজ্ঞাতনামা নম্বর থেকে ভিকটিমের পিতা সৈয়দ আহম্মদের ইমো নম্বরে কল দিয়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না দিলে জসিমকে মেরে ফেলার হুমকি দেয় অপহরণকারীরা। এ ঘটনায় গত ২৮ সেপ্টেম্বর টেকনাফ থানায় একটি নিখোঁজ জিডি (সাধারণ ডায়েরি) করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আভিযানিক দল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে উখিয়ার রাজাপালং এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার ও আসামিকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত ভিকটিমকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।