দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারের উখিয়ায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১৫ জানায়, সোমবার (৩ আগস্ট) ভোর আনুমানিক ৩টা ২০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১৫-এর সিপিসি-২ এবং বাংলাদেশ সেনাবাহিনী উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার ময়নার ঘোনা মরাগাছতলা বাজারে কামাল নামে এক ব্যক্তির মুদি দোকানের সামনে যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে কোমরে গোঁজা অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ম্যাগাজিনে থাকা তিন রাউন্ড গুলি (দুটি তাজা ও একটি আঘাতপ্রাপ্ত) এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তি হাফেজ শফিক (১৯)। তিনি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১১-এর ব্লক-এ/৬-এর বাসিন্দা বলে জানিয়েছে র্যাব।
র্যাবের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি অস্ত্র বহনের বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। তার বিরুদ্ধে অস্ত্র আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা অস্ত্র, গুলি ও অন্যান্য আলামতসহ তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।