টেকনাফে প্রতিনিধি :মিসবাহ উল্লাহ,
কক্সবাজারের টেকনাফের দমদমিয়া ১৪ নম্বর ব্রিজ এলাকায় চট্টগ্রাম-টেকনাফ আঞ্চলিক মহাসড়কে দিনদুপুরে এক চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটেছে। ব্যস্ততম মহাসড়কে যাত্রীসেবা প্রদানকারী একটি যাত্রীবাহী বাস থামিয়ে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে চালক ও যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার এবং একাধিক মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে ডাকাত দল।
স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দুপুরে যাত্রীবাহী বাসটি টেকনাফ সদরের দিকে যাওয়ার সময় দমদমিয়া এলাকার ১৪ নম্বর ব্রিজে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা ৫-৬ জনের একদল মুখোশধারী ডাকাত বাসের গতিপথ রোধ করে। ডাকাত সদস্যরা মুহূর্তে দেশীয় অস্ত্র ও দা-ছুরি উঁচিয়ে বাসে উঠে পড়ে এবং আতঙ্কের সৃষ্টি করে।
ভুক্তভোগী যাত্রীরা জানান, ডাকাত দল খুবই দ্রুততার সঙ্গে বাসের সবার কাছে থাকা মোবাইল, মানিব্যাগ ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে মারধরের হুমকি দেওয়া হয়। ডাকাতি শেষ করে সটকে পড়ে ডাকাত দল। পুরো ঘটনাটি মাত্র কয়েক মিনিটের মধ্যে ঘটে যায়।
খবর পেয়ে টেকনাফ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অপরাধীদের শনাক্ত করে গ্রেফতার করতে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের একটি বিশেষ টিম কাজ শুরু করেছে। মহাসড়কে নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
ব্যস্ততম এই মহাসড়কে দিনদুপুরে এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনায় স্থানীয় পথচারী, যাত্রী ও চালকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সড়কটিতে নিয়মিত পুলিশ টহল বাড়ানো ও ডাকাতদের দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি জানিয়েছেন স্থানীয়রা।