বিশেষ প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলায় পরকীয়া সংক্রান্ত জটলা ও পারিবারিক কলহের জেরে এক ওমানপ্রবাসীর ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর নাম জুয়েল, যিনি কিছুদিন আগে ওমান থেকে দেশে ফেরেন। এ ঘটনায় তাঁর চাচি জেসমিন আক্তারের (২৫) বিরুদ্ধে মারাত্মক আঘাতের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত গৃহবধূ আত্মগোপনে রয়েছেন।
চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের মজ্জাদপাড়া গ্রামে গত মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, প্রবাসে থাকাকালে পরিবারের সাথে যোগাযোগের সূত্রে জেসমিন আক্তারের সাথে জুয়েলের ঘনিষ্ঠতা গড়ে ওঠে। সম্প্রতি দেশে ফেরার পর জুয়েলের বিয়ের আলোচনা শুরু হলে তাঁদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়। গত মঙ্গলবার রাতে জেসমিনের ঘরে অবস্থানকালে তিনি জুয়েলের ওপর হামলা চালান এবং সেখান থেকে সটকে পড়েন।
গুরুতর আহত অবস্থায় স্বজনেরা জুয়েলকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে শারীরিক অবস্থার অবনতি ঘটায় উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়।
এ বিষয়ে জানতে অভিযুক্ত জেসমিনের সাথে যোগযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে মৌখিকভাবে অবগত করা হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক লিখিত অভিযোগ বা এজাহার দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।