দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজার, ২৩ জুলাই: কক্সবাজারের উখিয়ায় প্রাইভেটকারে অভিনব কৌশলে লুকিয়ে ইয়াবা পাচারের সময় ১০ হাজার ৬৮৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার সাদেক নগর গ্রামের মৃত আইয়ুবের ছেলে মো. ফরিদ (৪২)।
উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক বৃহস্পতিবার (২৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, বুধবার (২২ জুলাই) রাত ১০টা ১০ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার উখিয়া ৬৪ বিজিবির শীলখালী চেকপোস্টে পৌঁছালে সন্দেহের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটির ইঞ্জিনের পাশে বিশেষভাবে লুকিয়ে রাখা সাতটি ছোট পোটলা থেকে ১০ হাজার ৬৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩৭ লাখ ৬ হাজার ৫০০ টাকা।
এ ঘটনায় প্রাইভেটকারের চালক মো. ফরিদকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রামে নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, পরবর্তীতে প্রাইভেটকারটি আরও বিস্তারিতভাবে তল্লাশি করা হলেও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক বলেন, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ৬৪ বিজিবি সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ধারাবাহিকভাবে বিভিন্ন সফল অভিযান পরিচালনা করে আসছে।