স্টাফ রিপোটার
কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নে ৭ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে।
অভিযুক্ত ব্যক্তির নাম কামাল উদ্দিন, যিনি ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১ মে) মাগরিবের ঠিক আগে কাকারার ৭নং ওয়ার্ডের মিনি বাজার এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটির মা ফাতেমা আক্তার জানান, বিকেলে সহপাঠীদের সঙ্গে খেলাধুলা করছিল শিশুটি। অভিযোগ উঠেছে, ওই সময় কামাল উদ্দিন কোনো কিছুর প্রলোভন দেখিয়ে শিশুটিকে পাশের একটি ঝোপঝাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।
শিশুটির চিৎকারে একপর্যায়ে তাকে ছেড়ে দিলে সে দৌড়ে বাড়ি ফিরে আসে এবং মায়ের কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা দেয়।
পরিবার জানায়, বাড়িতে ফেরার পর শিশুটির প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়। গুরুতর অবস্থায় তাকে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ল্যাবে পাঠানো হয়েছে এবং বর্তমানে তাকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।
এই বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি সম্পর্কে তারা অবগত হয়েছেন। তবে এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
এদিকে, এই ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অবিলম্বে পলাতক কামাল উদ্দিনকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।