পশ্চিমবঙ্গের বারাসাতে আমানতি মসজিদ সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই মসজিদের দেখাশুনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে এক হিন্দু পরিবার নাম বসু পরিবার। অনেকের কাছে এটি ‘বসু বাড়ির মসজিদ’ নামেই বেশি পরিচিত।
উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত শহরের প্রাণকেন্দ্রে, নবপল্লী বয়েজ স্কুলের কাছে প্রতাপাদিত্য রোডে অবস্থিত এই মসজিদটি হিন্দু অধ্যুষিত এলাকায় অবস্থিত। এখানে কোনো মুসলিম পরিবার না থাকলেও, দূর-দূরান্ত থেকে মুসল্লিরা নিয়মিত নামাজ পড়তে আসেন। রমজান মাসে এবং ঈদের দিনে মুসল্লিদের ভিড় বেড়ে যায় বিশাল আকারে।
বসু পরিবার গত ৫০-৬০ বছর ধরে মসজিদটির যাবতীয় দেখভাল করে আসছেন। পরিবারের সদস্য পার্থসারথি বসু এবং তার বাবা দীপক কুমার বসু মসজিদের সংস্কার, পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের খরচ বহন করেন। এমনকি পার্থসারথি বহু বছর ধরে রমজান মাসে রোজা পালন করেন বলেও জানা গেছে।
১৯৬৪ সালের বাংলাদেশে (তৎকালীন পূর্ব পাকিস্তান) দাঙ্গার পর বসু পরিবারের পূর্বপুরুষ ভূমি বিনিময়ের মাধ্যমে এখানে আসেন এবং মসজিদটি রক্ষা করার সিদ্ধান্ত নেন। এই মসজিদ এখন তাদের পরিবারের পরিচয়ের অংশ হয়ে উঠেছে।
স্থানীয়রা এবং বিভিন্ন প্রতিবেদনে এটিকে হিন্দু-মুসলিম সম্প্রীতির এক অনন্য নজির হিসেবে উল্লেখ করেছে।