ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।
রোববার সকালে (১ মার্চ, ২০২৬) এক বিশেষ ঘোষণায় এ তথ্য নিশ্চিত করা হয়।
রাষ্ট্রীয় টিভি চ্যানেলে উপস্থাপক কান্নাজড়িত কণ্ঠে জানান, খামেনি শহীদ হয়েছেন। এর সঙ্গে সঙ্গে ইরানজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ সময় দেশে সব ধরনের আনন্দ-উৎসব, বিনোদন অনুষ্ঠান বন্ধ থাকবে এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বরাত দিয়ে রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে, শনিবার সকালে তেহরানে নিজ কার্যালয়ে থাকাকালীন যৌথ হামলায় তিনি নিহত হন। এ ঘটনাকে তারা “বিশ্বের অত্যাচারীদের বিরুদ্ধে মহান উত্থানের” সূচনা হিসেবে বর্ণনা করেছে।
এদিকে, খামেনির মৃত্যুর খবরে ইরানজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে মানুষ রাস্তায় নেমে শোক প্রকাশ করছেন। পরবর্তী নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা যাচ্ছে, তবে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
ইরানের রাষ্ট্রীয় সংস্থাগুলো এ ঘটনাকে “শহীদত্ব” হিসেবে উল্লেখ করে প্রতিশোধের অঙ্গীকার ব্যক্ত করেছে। পরিস্থিতি এখনও অত্যন্ত উত্তপ্ত রয়েছে।